গুগল ডুডলে প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসককে স্মরণ

১৫ অক্টোবর, ২০২০ ০১:২০  
বিশেষ ডুডলে প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীকে স্মরণ করছে গুগল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সার্চ পেজে গেলেই চোখে পড়বে গুগল লেখাটির মাঝে একজন নারী চিকিৎসকের প্রতিকৃতি। আজ তার ১০৮ তম জন্মদিন। গুগলের ডুডল পেজে তুলে ধরা হয়েছে তার জীবনী। সার্চ পেজে দেখানো ডুডলটিতে ক্লিক করলে কাজী জোহরা বেগম সংক্রান্ত বিভিন্ন অনুসন্ধান ফলাফল দেখাচ্ছে গুগল। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www. google. com) গেলে কিংবা সরাসরি (www. google. com. bd) ঠিকানায় ঢুকলে চোখে পড়বে জোহরা কাজীকে নিয়ে করা ডুডলটি। এতে গুগলের অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে। যেখানে দেখা যাচ্ছে জোহরা বেগম কাজীর গলায় স্টেথোসকোপ এবং মাথার ওপর গাছের ছায়া। গায়ে জড়ানো হলুদ রঙের একটি পোশাক। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার। এখানে জোহরা কাজী সংক্রান্ত নানা তথ্য পাওয়া যাবে। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খান, হুমায়ুন আহমেদের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল প্রকাশ করেছে গুগল।